নিউজ ডেক্স : নওগাঁ সদর থানার পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরুসহ মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে চুরি করা গরু নিয়ে পালানোর সময় পুলিশের বিশেষ টহল দলের হাতে তিনি আটক হন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায়, সদর থানার পেছনে, একটি গরু চুরির ঘটনা ঘটে। চুরির পর গরুটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বেলাল হোসেন।
গোপন তথ্য ও টহল কার্যক্রমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল রাতভর অভিযান ও নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন জবার মোড় এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে গরুসহ দেখতে পায় পুলিশের টহল দল।
পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে গরুটি চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৪৫) নওগাঁর বদলগাছী থানার মহেশপুর গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। তিনি বর্তমানে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের তৎপরতায় চুরি করা গরুটি দ্রুত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, রাতের বেলায় গরু চুরির ঘটনা ঠেকাতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
দৈনিক চেতনার কন্ঠ