প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রশিদ ফকির বাদী হয়ে হাবিবুর রহমান হাবেলকে প্রধান বিবাদী করে ১১ জনের নাম উল্লেখ এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে থানার এসআই চাঁন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা চর পূর্ব উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ ফকির ও একই গ্রামের প্রতিবেশী মতিউর রহমান মতি ফকিরের মধ্যে আদ্রা চর মৌজার ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আব্দুর রশিদ ফকিরের পক্ষে দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে মতি ফকিরের দায়ের করা আপিল মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। রশিদ ফকিরের দাবি, বিরোধপূর্ণ জমিটি দীর্ঘদিন ধরে তাঁর দখলে রয়েছে এবং তিনি সেখানে চাষাবাদ করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে রশিদ ফকির তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমিতে মরিচের চারা রোপণ করতে গেলে পূর্ববিরোধের জের ধরে মতিউর রহমান মতি ফকির, হাবিবুর রহমান হাবেল, হায়দর আলী ও শাহীন মিয়ার নেতৃত্বে কয়েকজন সেখানে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রশিদ ফকির, ফরহাদ ফকির, ফরিদ ফকির ও ভাসানী নামে চারজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে মো. রশিদ ফকির বলেন, ‘মতিউর রহমান মতি ফকিরসহ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
ঐ অভিযোগের বিষয়ে মতিউর রহমান মতি ফকির বলেন, ‘আমরা ক্রয়সূত্রে ওই জমির মালিক। জমিতে চাষাবাদ করতে গেলে রশিদ ফকিরের লোকজন আমাদের বাধা দেন এবং জমি চাষ করতে দেন না। আমরা ভূমির সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার চাই।’
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা