ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০ জন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০ জন উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড। এর মধ্যে পুলিশের অভিযানে ১৮ জন এবং কোস্টগার্ডের অভিযানে আরও দুইজনকে উদ্ধার করা হয়। পুলিশের উদ্ধার করা ১৮ জনের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার মেরিন ড্রাইভের ফিনিক্স ভাঙা এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকাকে ব্যবহার করে একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে ছোট মাছ ধরার নৌযানে করে রোহিঙ্গা ও বাংলাদেশি নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালিয়ে আসছিল।

মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষের একটি দলকে বাহারছড়ার কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় জড়ো করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মেরিন ড্রাইভ সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। উদ্ধার হওয়াদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৮ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়াদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই দিনে টেকনাফের বাহারছড়া উপকূলীয় এলাকায় পৃথক অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় আরও দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও কোস্টগার্ডের পৃথক দুই অভিযানে মোট ২০ জন উদ্ধারের ঘটনায় টেকনাফের উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ