আনোয়ার হোসেন
গোমস্তাপুর ,চাঁপাইনবাবগঞ্জ
উত্তরবঙ্গের জেলা চাঁপাইনবাবগঞ্জের অন্যতম কৃষিনির্ভর উপজেলা গোমস্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগত ইউএনও জিল্লুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, বাঙ্গাবাড়ী কৃষক দলের সভাপতি মোস্তফা আলী, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, পার্বত্যপুর কৃষক দলের সাধারণ সম্পাদক ওয়াবাদুল রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃষক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনও জিল্লুর রহমানকে গোমস্তাপুরে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কৃষি খাতের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, গোমস্তাপুর একটি কৃষিনির্ভর উপজেলা। এ উপজেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। ধান, গম, ভুট্টা, আমসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে এ উপজেলার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কৃষকদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
তারা আরও বলেন, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সঙ্গে কৃষক ও সাধারণ মানুষের সমন্বয় আরও সুদৃঢ় হবে। এর মাধ্যমে গোমস্তাপুরের কৃষি, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা গ্রহণকালে নবাগত ইউএনও জিল্লুর রহমান কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবার সহযোগিতা কামনা করেন।
পরে কৃষক দলের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সফল কর্মজীবন ও গোমস্তাপুরের উন্নয়নে তার দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
দৈনিক চেতনার কন্ঠ