ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় কোটি টাকা হাতিয়ে আত্মগোপন,প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
বাগমারায় কোটি টাকা হাতিয়ে আত্মগোপন,প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি ময়নুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে গাজীপুর ও ঢাকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ময়নুল ইসলাম ‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক। প্রতিষ্ঠানটির কার্যালয় ছিল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় এলাকায়। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পরবর্তী সময়ে পাওনা পরিশোধ না করে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কেএম আব্দুর রহিম ও মো. অহিদুল ইসলাম বাগমারা থানায় পৃথক মামলা করেন। মামলায় ময়নুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কেএম আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানে ২৮ লাখ টাকা বিনিয়োগ করেন। তাঁর ভাই মো. ওয়াছেক আলী বিল্লাহও ৬৫ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। পরে তাঁরা তাঁদের বিনিয়োগের অর্থ ফেরত পাননি বলে অভিযোগ করেন। একইভাবে স্থানীয় আরও অনেক মানুষ প্রতিষ্ঠানটিতে অর্থ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে বাগমারা থানার একটি দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার ১ নম্বর আসামি ময়নুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগরীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শিমুল বিল্লাহ নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, শিমুল বিল্লাহ অন্য একটি প্রতারণা মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর দুই আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়নুল ইসলাম গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতারিত গ্রাহকদের মধ্যে স্বস্তি দেখা দেয়। ভুক্তভোগীরা দ্রুত মামলার তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁদের বিনিয়োগের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।
এদিকে, বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অস্বাভাবিক মুনাফা বা স্বল্প সময়ে দ্বিগুণ লাভের প্রলোভনে পড়ে কোনো প্রতিষ্ঠানে অর্থ দেওয়ার আগে সেটির নিবন্ধন ও সরকারি অনুমোদন যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত বলে সন্দেহ হলে কিংবা কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ