স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১ হাজার ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সহকারী কমিশনার (ভূমি), ভৈরব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সমন্বয়ে পরিচালিত যৌথ টিম। আটক তিনজনের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভৈরব থানাধীন পলতাকান্দা চন্ডিবের এলাকা ও সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ঢাকার উত্তরখান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী মোছা. পারভিন আক্তার (৩৪), ভৈরব থানার চন্ডীপুর দক্ষিণপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০) এবং একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (৩৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে সর্বমোট ১ হাজার ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে একজন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অপরদিকে, আটক অন্য দুই আসামিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত মো. মনির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মুন্না মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ