স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০টিতেই নেই কোনো নৈশপ্রহরী। এর মধ্যেই জাংগালিয়া ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে তালা ভেঙে চুরি হয়েছে। চোরেরা বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর, স্পিকার, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বারান্দার পকেট গেট ও অফিস কক্ষের তালা ভাঙা। অফিস কক্ষের আলমিরা ও টেবিলের ড্রয়ারগুলো খোলা। কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
সহকারী শিক্ষক নূসরাত জাহান জেনি জানান, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে খবর দেওয়া হলে তিনি দ্রুত বিদ্যালয়ে আসেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন বলেন, অফিসে রাখা ল্যাপটপ, প্রজেক্টর, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। শিশুদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার কাজে ব্যবহৃত প্রজেক্টরও নিয়ে গেছে চোরেরা।
চুরির পর ঘটনাস্থলে ভিড় করা লোকজনকে ভাঙা তালা ও আসবাবপত্রে হাত না দেওয়ার অনুরোধ করেছিলেন সহকারী শিক্ষক কারিমা। তাঁর ভাষ্য, পরে শ্রেণিকক্ষ থেকে ফিরে দেখেন, ভাঙা তালাটিও আর সেখানে নেই।
এদিকে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা সামনে আসার পর উপজেলার অন্য বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, কালীগঞ্জে মোট ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৭টিতে নৈশপ্রহরী থাকলেও ৮০টি বিদ্যালয়ে এখন কোনো নৈশপ্রহরী নেই। গত মাসে আরও দুজন নৈশপ্রহরী চাকরি ছেড়ে চলে যাওয়ায় এ সংখ্যা বেড়েছে।
জেসমিন আক্তার বলেন, তিনি কালীগঞ্জে যোগ দেওয়ার পর পাঁচ মাসের মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর ব্যবস্থা করা বা শূন্য পদ পূরণে বরাদ্দ দেওয়া হলে এ ধরনের চুরি প্রতিরোধে সহায়ক হবে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চেতনার কন্ঠ