সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। নিখোঁজের ৭২ ঘণ্টার মধ্যে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার ১৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকার ‘আল-জামিয়া আস্-সালাফিয়া’ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ১১ আগস্ট তাঁদের পরিবারের সদস্যরা শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের ছদ্মনাম ‘রাফি’ (১৩)। তার বাড়ি রাজশাহীর বাগমারা থানা এলাকায়। অপরজনের ছদ্মনাম ‘হাবিব’ (১২)। তার বাড়ি নওগাঁর মান্দা থানা এলাকায়।
জিডির পর শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে। পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য যাচাই-বাছাই চালাতে থাকে।
অনুসন্ধানের একপর্যায়ে পুলিশ জানতে পারে, দুই শিক্ষার্থী কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরে শাহমখদুম থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহীতে নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিক্ষার্থী পুলিশকে জানায়, কক্সবাজার সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যেই তারা সেখানে চলে গিয়েছিল। উদ্ধারের পর তাদের শারীরিক ও মানসিক অবস্থা সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ পিতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
দুই শিক্ষার্থীকে দ্রুত শনাক্ত ও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তাঁদের স্বজনরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দৈনিক চেতনার কন্ঠ