সোহেল রানা রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়নের নরদাশ বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেরাজুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত মেরাজুল ইসলাম নরদাশ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। মাত্র চার বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে মেরাজুল ইসলাম নরদাশ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল।
এ সময় নরদাশ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোস্তফা হোসেন বল্টুর চালিত একটি ভ্যান ওই শিশুকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরদাশ বাজার ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা জানান, এত অল্প বয়সে শিশুটির এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ও শোকের পরিস্থিতি তৈরি হয়।
এ বিষয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. রফিকের সঙ্গে কথা হলে তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মেরাজুল ইসলাম (৪) নামের শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ না করায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির পরিবার যাতে স্বাভাবিকভাবে শোক কাটিয়ে উঠতে পারে, সেজন্য স্থানীয়ভাবে বিষয়টি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং সড়ক পরিবহন আইনে মামলা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নরদাশ বাজার একটি ব্যস্ত এলাকা। প্রতিদিন বাজারের ভেতর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। একই সঙ্গে পথচারী ও শিশুদেরও রাস্তা পারাপার করতে হয়। বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এলাকাবাসীর দাবি, নরদাশ বাজারসহ গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বিশেষ করে শিশুদের রাস্তা পারাপারের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি চালকদেরও দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন তারা।
চার বছরের শিশু মেরাজুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, তা দীর্ঘদিন মনে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক চেতনার কন্ঠ