স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ধামইরহাট থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ধামইরহাট থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারী ও পাবলিক নিউইসেন্স সৃষ্টিকারী ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানা পুলিশের একটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের সঙ্গে জড়িত এবং মাদক সেবন করে প্রকাশ্যে জনদুর্ভোগ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন—এমন ৫ জনকে আটক করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের উপজেলা নির্বাহী অফিসার, ধামইরহাটের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
পুলিশের এমন অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী বলছেন, মাদক সেবন ও মাদককে কেন্দ্র করে অনেক সময় এলাকায় বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি, কিশোর-তরুণদের বিপথগামিতা এবং বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটে। তাই মাদকসেবীদের পাশাপাশি মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ প্রশাসন জানিয়েছে, শুধু মাদক বিক্রেতা নয়, মাদক সেবন করে সমাজে জনদুর্ভোগ বা পাবলিক নিউইসেন্স সৃষ্টি করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাদক বিক্রেতা, মাদকসেবী এবং মাদক সেবনের মাধ্যমে সমাজে পাবলিক নিউইসেন্স সৃষ্টিকারী—কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।
মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধামইরহাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ