স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা সীমান্তে অভিযান চালিয়ে ৬৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ Eskuf সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পরিচালিত এ অভিযান বাঘা উপজেলার বারশিপাড়া এলাকায় পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল জানতে পারে, বারশিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্যের একটি বড় চালান পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে সদস্যরা একটি আমবাগানে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন।
একপর্যায়ে কয়েকজন ব্যক্তিকে মাথায় বস্তা বহন করে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান চলমান থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ