৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন ও চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইনের সঙ্গে মতবিনিময় করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
বুধবার পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ খেলাফত মজলিস ও এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা করেন।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে দেশের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। জনগণের পক্ষ থেকে ৫ সেপ্টেম্বরের লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হবে।
লংমার্চ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানানো হবে। এরপর জনদাবির পক্ষে রাজপথে অবস্থান কর্মসূচি এবং চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ জাতীয় আরো খবর..